সীমান্তে চীন ও ভারতীয় সেনার সংঘর্ষ, ভারতের ২০ সেনা নিহত

ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে দুই দেশের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ভারতের দাবি, চীনা সেনাবাহিনীর ৪৩ জন হয় মৃত নয়তো গুরুতর জখম হয়েছে। তবে চীনের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোন তথ্য জানানো হয়নি। ভারতের সেনাদের হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরানোর জন্য সেনা এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে দিল্লি-বেইজিং।

গতকাল দুপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে এক বৈঠকে উদ্ধুত পরিস্থিতি পর্যালোচনা করেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন।

এর আগে গতকাল সকাল থেকেইপ্রাথমিক ভাবে বলা হচ্ছিল, সোমবার রাতের সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ১ কর্নেল ও দুই জওয়ান অর্থাত্ ৩ জন নিহত হয়েছেন। কিন্তু গতকাল সন্ধার পর পরিস্থিতি বদলাতে থাকে। বিভিন্ন গণমাধ্যমে ব্রেকিং নিউজ দিতে থাকে, ভারতের প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি। রাতে ভারতের এনডিটিভি, সংবাদ সংস্থা পিটিআই ও এএনআইসহ প্রায় সবগুলো গণমাধ্যম জানায়, ভারতের ২০ সেনা নিহত হয়েছে ওই সংঘর্ষে।ভারতের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ভারতীয় সৈন্যদের পিটিয়ে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে দেশটির সেনাবাহিনী কোন মন্তব্য করেনি। ভারতীয় সেনাবাহিনী গতকাল রাতে ২০ জন নিহত হবার কথা প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সদা প্রস্তুত।

জানা গেছে, আগে থেকেই কিছুটা উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে পরিস্থিতি শান্ত করতে সোমবার দুই পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। কিন্তু রাতে অজ্ঞাত কারণে এই সংঘর্ষ হয়। মঙ্গলবার ভারতের একটি সরকারি বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষের সিনিয়র সামরিক প্রতিনিধিরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করেছেন। তবে বৈঠকের আলোচনার ফল প্রকাশ করা হয়নি।

ভারত এবং চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। ইদানিং সেই সীমান্ত এলাকাতেই দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত প্রায়  ৪৫ বছর পর চীন সীমান্তের এই ঘটনায় ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা নিহত হলেন। এর আগে ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশের তুলুং লাতে এমন একটি সংঘর্ষে ৪ ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বেইজিং পাল্টা অভিযোগ করেছে যে ভারতীয় সেনা জওয়ানরাই সীমান্ত পেরিয়ে ‘চীনা সেনাদের আক্রমণ’ করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেন ‘সোমবার দু’বার ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে এবং চীনা সেনাদের উস্কানি দেয় ও আক্রমণ করে, এরপরেই উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়’।

এর আগে গত ৯ মে একটি ভারতীয় টহলদারী দলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনা সেনারা। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ভারত-চীন সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখ্লের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে চীনের সেনাবাহিনী। জানা গেছে, একটি গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে মঙ্গলবারচীনা সেনারা ৩ কিলোমিটার পিছু হঁটেছে। প্রত্যুত্তরে ভারতের পক্ষ থেকে কিছু সেনাকে ফেরানো হয়েছে।