বিল অব এন্ট্রি দাখিলের সময়সীমা নির্ধারণ যৌক্তিক নয়

চিটাগাং চেম্বার অব সভাপতি মাহবুবুল আলম অর্থ বিল-২০২০ এ বিল অব এন্ট্রি দাখিলের সময়সীমা নির্ধারণ করে আনীত সংশোধনী বলবত্ না করার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার এক পত্রে চিটাগাং চেম্বার সভাপতি উল্লেখ করেন-অর্থ বিল-২০২০-তৃতীয় অধ্যায়ে দফা-১০-এ্যাক্ট নং-৪ ১৯৬৯-এর সেকশন ৭৯ সংশোধন করে নতুন বিষয়টি যুক্ত করার ফলে বন্দরে পণ্য পৌঁছানোর ৫ কর্মদিবসের মধ্যে বিল অব এন্ট্রি দাখিল করতে হবে। যা প্রকৃতপক্ষে সম্ভব হবে না বরং অনেক বেশি জটিলতার সৃষ্টি হবে। কারণ প্রথমত বিষয়টি সাপ্লায়ারবৃন্দ, সাপ্লায়ারদের ব্যাংক, লোডিং পোর্টের শিপিং এজেন্ট, এলসি আবেদনকারী ব্যাংক, কুরিয়ার সার্ভিস এবং ডেস্টিনেশন পোর্টের শিপিং এজন্টদের ওপর নির্ভরশীল। দ্বিতীয়ত এলসিতে ডক্যুমেন্ট জমা দেওয়ার যে সময় দেওয়া থাকে তা সাধারণত সাপ্লাইয়ারের চাহিদা অনুসারে দিতে হয়। তৃতীয়ত নিকটবর্তী কোনো দেশ থেকে পণ্য শিপমেন্ট হলে পাঁচ/ছয় দিনের মধ্যেই জাহাজ চলে আসে, ডক্যুমেন্ট আসে আরো পরে। চতুর্থত বাংলাদেশ থেকে যখন রপ্তানি করা হয় তখনো ডক্যুমেন্ট জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় অনুমোদন নেওয়া হয়ে থাকে। দেশের আমদানি-বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং কোনো ধরনের জটিলতা যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে উল্লেখিত সংশোধনী বলবত্ না করার জন্য অর্থমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি।