আলো কাড়লেন মাশরাফি-আশরাফুল

n দৃশ্যপট-১:

মাত্রই চিটাগং ভাইকিংসের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করেছেন মোহাম্মদ আশরাফুল। নিজের টেন্টের দিকে যাওয়ার আগেই পেছন থেকে আশরাফুলকে ডাকলেন সাকিব আল হাসান, ‘সালাম, আশরাফুল ভাই।’ উত্তর দিতে দ্রুতপায়ে এগিয়ে গেলেন আশরাফুল। সহাস্যে হাত মেলানোর পর কোলাকুলি করলেন তারা। মুহূর্তেই যেন একটা চঞ্চলতা নেমে আসল বিসিবি একাডেমি মাঠে। অদূরে আলোকচিত্রীদের ক্যামেরার শাটার সচল হয়ে গেল।

n  দৃশ্যপট-২:

আগেই জানা ছিল মাঠে আসবেন মাশরাফি বিন মুর্তজা। দুপুর ২টার কিছুক্ষণ আগে আসলেন নব্য সাংসদ। বিসিবি একাডেমির করিডোরে নড়াইল এক্সপ্রেসের জন্য অপেক্ষায় ডজন খানেক টিভি ক্যামেরা। সতীর্থ ক্রিকেটার, পরিচিত জনদের সঙ্গে কথা বলার পর মাশরাফি যতই করিডোর ধরে এগিয়েছেন মাঠের দিকে ততই হুল্লোড় বেড়েছে। সংবাদকর্মী, খেলোয়াড়, কর্মকর্তাদের হুড়োহুড়িতে আরেকবার কম্পন হলো বিসিবি একাডেমি মাঠে।

মিরপুর স্টেডিয়ামে বেজে উঠেছে বিপিএলের দামামা। দলগুলো পুরোদমে অনুশীলন শুরু করেছে। গতকাল অনুশীলনে দিনের প্রধান আকর্ষণ হয়েছিলেন মাশরাফি-আশরাফুল। এই দুই দৃশ্যপট ছাড়াও দিনভর তারা দুজনই ক্যামেরার লক্ষ্যবস্তু ছিলেন।

যেমনটা বিসিবি একাডেমির ছোট্ট জিমে এসে অনেক ক্রিকেটার দেখা করে গেছেন জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রথমবার মাঠে ফেরা মাশরাফির সঙ্গে। আলিঙ্গন করে ছবি তুলে গেছেন মুশফিকুর রহিম। আশরাফুল এসেই হাঁক দিয়েছেন, ‘মাই ফ্রেন্ড, কেমন আছোস।’ সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বলছিলেন, ক্যারিয়ারের শুরুতে আমরা দুইজন ওর রুমে কিট ব্যাগসহ সবকিছু রাখতাম। আমরা থাকতাম আমার রুমে।

বন্ধু হলেও জীবনের রেখার মতো তাদের ক্যারিয়ার এগিয়েছে ভিন্ন দিকে। শুরুতে তারকাখ্যাতি পাওয়া আশরাফুলের ক্যারিয়ার অন্ধকারে হারিয়েছে। নেতিবাচক কাণ্ডের পর প্রত্যাবর্তনে গতকাল তার প্রতি আগ্রহ ছিল সবার। অন্যদিকে চোট জর্জর ক্যারিয়ারে সততা, পারফরম্যান্স দিয়ে নিজেকে ধরে রেখেছিলেন মাশরাফি। দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক এখন তিনি। দেশব্যাপীও বিপুল জনপ্রিয়তা, সম্মানের পাত্র। সম্প্রতিই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি।

গতকাল শেষ পর্যন্ত অনুশীলন বাতিল করেছিল রংপুর রাইডার্স। ব্যক্তিগতভাবে জিম করে ফিরে গেছেন মাশরাফি। আর সকালে বিসিবি একাডেমি মাঠে এসেই আকাশ পানে চেয়েছিলেন আশরাফুল। তারপর অনেকক্ষণ কথা বলেছেন তামিম ইকবালের সঙ্গে। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিং পাপের কারণেই নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গতকালই প্রথমবার বিপিএলের মঞ্চে ফিরলেন তিনি। চিটাগং ভাইকিংসের হয়ে এবার বিপিএলে খেলবেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। জাতীয় দলে ফিরতে, নিজের সামর্থ্য প্রমাণে বিপিএলকেই পাখির চোখ করছেন আশরাফুল।

পাঁচ বছর পর ফেরার মাধ্যমে কলঙ্ক মোচন হবে কিনা প্রশ্নে গতকাল তিনি বলেছেন, ‘আমি যে অন্যায় করেছিলাম তার শাস্তি আমি পেয়েছি এবং সেটার কারণে কিন্তু আমি পাঁচ বছর নয় মাস বাইরে ছিলাম এই ফরম্যাট থেকে। যেহেতু আমি অন্যায় স্বীকার করেছি এবং প্রায়শ্চিত্ত করেছি এবং গত দুটি বছর আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি। মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, বিসিএলের এই মৌসুমটি ভালো হয়েছে।’ ভক্তদের জন্য হলেও বিপিএলে ভালো করতে চান আশরাফুল। গত পাঁচ বছর এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলেন আশরাফুল। বিপিএলের প্ল্যাটফর্মটা কাজে লাগাতে মুখিয়ে তিনি। গতকাল বলেছেন, ‘আমার একটি জায়গা দরকার ছিলো, যেখানে আমি মনে করি যে সুযোগ পেলে আমি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবো। সেই প্ল্যাটফর্মটি আমার দরকার ছিলো, পাঁচ বছর পর আমি পেয়েছি। যদি আমি সুযোগ পাই তাহলে আমার পারফরম্যান্স দিয়ে চেষ্টা করবো ভালো করার।’