বগুড়ায় একদিনে করোনা আক্রান্তের রেকর্ড 

প্রশাসনের নানাবিধ কার্যক্রমেও বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ কমানো যাচ্ছে না। দিন দিন করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তারপরও মানুষ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে না। 

বগুড়ায় একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। ১৬ জুন ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছে ১৮৬ জন। এই নিয়ে জেলায় মোট ১ হাজার ৭০২ জন করোনায় আক্রান্ত হলেন। 

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার বেলা ১১টায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে মঙ্গলবার (১৬ জুন) ২৬৯টি নমুনার পরীক্ষা হয়েছে। তার মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৫৪ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ৮১টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৬টি। এ ছাড়া গত ৪, ৫ ও ৬ জুন ঢাকায় পাঠানো নমুনার ফলাফলে ১০৬ জনের পজিটিভ এসেছে।

ডা. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে আসা ১০৬ জনের উপজেলাওয়ারী তথ্য তাৎক্ষণিক জানা যায়নি। তবে শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ ৮০ জনের মধ্যে সদরের ৭০ জন। সদরের উল্লেখযোগ্য এলাকার মধ্যে রয়েছে নারুলী ও ঠনঠনিয়া। এছাড়া অন্যান্য উপজেলার মধ্যে শাজাহানপুরে পাঁচজন, শিবগঞ্জে তিনজন, গাবতলী ও শেরপুরে একজন করে। 


ইত্তেফাক/ইউবি