হপম্যান কাপের স্মরণীয় ম্যাচ

সেরেনাকে হারালেন ফেদেরার

টেনিস ইতিহাসের অন্যতম অবিস্মরণীয় মিক্সড ডাবল ম্যাচ ছিল এটা। আর তাতে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস-ফ্রান্সেস তিয়াফোকে হারালেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার-বেলিন্দা বেনচিচ জুটি। রাউন্ড রবিন লিগের ম্যাচে সেরেনা-তিয়াফোর বিপক্ষে ৪-২ ও ৪-৩ (৫-৩) গেমে জয় পান ফেদেরার-বেলিন্দা।

তবে, জয় পরাজয় ছাপিয়ে টেনিসের ইতিহাসের দুই কিংবদন্তি সেরেনা ওফেদেরার জন্যই হপম্যান কাপের ম্যাচটি টেনিস ইতিহাসে অবিস্মণীয় হয়ে থাকলো। ম্যাচের ফলাফল নয়, দুই কিংবদন্তিকে এক সঙ্গে খেলতে দেখার জন্যই ম্যাচটির দিকে তাকিয়ে ছিল ক্রীড়াপ্রেমীরা।  দু’জনে নিজেদের বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারে জিতেছেন ১৭১টি শিরোপা। ৬০০ সপ্তাহ দু’জনে ছিলেন র্যাংকিংয়ের শীর্ষে। এমন ম্যাচকে ঘিরে তাই বাড়তি আগ্রহ অস্বাভাবিক নয়।

অস্ট্রেলিয়ার পার্থে বিপুল দর্শকের ভিড়ে ম্যাচটিতে উত্তেজনার পারদ ছড়িয়েছেন সেরেনা ও ফেদেরার। নিজেদের সেরাটাই দিয়েছেন তারা।  তবে জয়ের স্বাদ নিয়েছেন ফেদেরার-বেলিন্দা জুটি।  ম্যাচ সেরা সেরেনার প্রশংসাই করেছেন ফেদেরার, ‘আমি সত্যিই চাপে ছিলাম। সেরেনার খেলা আগে দেখেছি, তাই খুব সতর্ক ছিলাম। ম্যাচে অনেক বেশি সিরিয়াস সে, কতটা দৃঢ়প্রতিজ্ঞ তা বুঝতে পেরেছি সেরেনাকে দেখে। তবে খুবই মজা হলো।’

ম্যাচ শেষে সেরেনাও খুব একটা অখুশি নন। ফেদেরারের সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মানছেন তিনি। ২৩ বারের গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা বললেন, ‘ফেদেরার বিপক্ষে একই কোর্টে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার। এমনটাই কখনো হবে ভাবি নি। ম্যাচের ফল কি হয়েছে, তা নিয়ে ভাবছি না। আমরা ম্যাচটি উপভোগ করেছি।’

ম্যাচ শেষে সেরেনা ও ফেদেরার সেলফিও তুলেন। অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের ভাষায় এটা ‘সর্বকালের সেরা সেলফি’। রাতে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট টুইটার থেকে সেলফিটি আপলোডও করেন ফেদেরার।  তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ একটি রাত পার করলাম আমরা।’ পরে ঐ সেলফির নিচে সেরেনা কমেন্টও করেন, ‘ক্যারিয়ারের এই সন্ধিক্ষণে এমন ম্যাচ খেলতে পেরে দারুণ লাগছে।’ আজ বিকেলে সুইস জুটি ফেদেরার-বেলিন্দা জুটি খেলবে গ্রিসের বিপক্ষে। গ্রুপ পর্বে এটাই তাদের শেষ ম্যাচ। একই দিন সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে সেরেনার যুক্তরাষ্ট্র। আগামী পাঁচ জানুয়ারি, শনিবার ফাইনালে ‘এ’ গ্রুপ ও ‘বি’ গ্রুপের সেরা দুই দল মুখোমুখি হবে।