লিভারপুলকে আজ হারাতে চায় সিটি

ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার চেষ্টা সফল হবে কিনা, তার অনেকখানি নির্ভর করবে লিভারপুলের বিরুদ্ধে খেলাটির উপর। আজ বৃহস্পতিবার সিটির মাঠেই হবে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের বিরুদ্ধে বর্তমান চ্যাম্পিয়নদের গুরুত্বপূর্ণ এ লড়াই।

কোচ পেপ গার্দিওলার দল বর্তমানে লিভারপুলের চাইতে সাত পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে আছে। লিভারপুল ২০ খেলা শেষে আছে ৫৪ পয়েন্টে। কাজেই লিভারপুল আজ যদি খেলাটিতে জিতে যায়, তাহলে কোচ য়ুর্গেন ক্লপের দলের নাগাল পাওয়া কঠিন হয়ে যাবে স্বাগতিকদের জন্য।

টটেনহ্যাম হটস্পার সিটির চাইতে এক পয়েন্টে এগিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কোচ মরিচিও পচেত্তিনোর হটস্পার গত মঙ্গলবার রাতে কার্ডিফ সিটির মাঠে ৩-০ গোলে জয়লাভ করে এখনো শিরোপার আশায় আছে। একই রাতে নিজ মাঠে ফুলহ্যামের বিরুদ্ধে ৪-১ গোলে জিতে শীর্ষ চারে ঢোকার আশায় আছে আর্সেনালও।

সিটির শিরোপা লড়াই যে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে তা মনে করিয়ে দিয়েছেন মিডফিল্ডার বার্নার্দো সিলভা। তার কোচ গার্দিওলাও লিভারপুলকে নিয়ে অনেক চিন্তিত। সত্যি বলতে কি চলতি মৌসুমে লিভারপুল কোচ ক্লপই তাকে বেশি দুশ্চিন্তায় রেখেছেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে সিলভা বলেন, ‘আমরা জানি চাপটা কিছুটা আমাদের দিকেই বেশি। কারণ আমরা যদি জিততে না পারি, তাহলে তাদের ধরা খুবই কঠিন হবে। তাদের কাছে পৌছানো, ব্যবধান কিছুটা কমিয়ে আনার চেষ্টায় আমাদেরকে প্রতিটি খেলাতেই জয়ের কথা চিন্তা করতে হবে। আর এ চেষ্টাটাই আমরা করতে যাচ্ছি পরবর্তী খেলায়।’

তিনি আরো বলেন, ‘আমরা জানি আমরা সাত পয়েন্টে পিছিয়ে আছি এবং যদি আমরা জিতি, তাহলে ব্যবধান হবে মাত্র চার। সাত কিংবা চার খুবই ভিন্ন। কিন্তু আমরা তাদের চাপে রাখার চেষ্টা করবো।’

লিভারপুল এবারের লিগে এখনো অপরাজিত আছে। একই সাথে সেরা রক্ষণভাগের রেকর্ডটিও তাদের। তারা গোল হজম করেছে কেবল আটটি। সিলভা সে প্রসঙ্গে বলেন, ‘তাদের অনেকগুলো খেলা আছে যাতে গোল হজম করেনি। একটা নজরকাড়া রক্ষণভাগ। আক্রমণভাগের তিনজন, সবাই জানে তারা কতটা শক্তিশালী। তারা অনেক কার্যকর। মিডফিল্ডাররাও অনেক খাটে, অনেক বলের জোগান দেয়।’ সবশেষে তিনি বলেন, ‘এ মৌসুমে প্রিমিয়ার লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে তারা খুবই ভালো করছে। কাজে এটা দুটো ভালো দলের খেলা এবং আমরা জয়ের চেষ্টা করবো।