ক্যাম্পের আগে ফুটবলারদের ‘আইসোলেশন’

বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমির সঙ্গে মঙ্গলবার দুই বছরের জন্য চুক্তি হয়েছে। গতকাল জেমির সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন বাফুফের কর্তারা। জাতীয় দল নিয়ে জেমির ভাবনা জানতে চেয়েছেন তারা। তার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদসহ অন্যরা।

আগস্টের প্রথম দিকেই জাতীয় দলের ক্যাম্প ডাকা হবে। ৪৪ ফুটবলার নিয়ে ক্যাম্প করার কথা জানিয়েছেন নাবিল। পালাক্রমে সেটা কমিয়ে ৩৫ করা হবে। তবে স্বাস্থ্যের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি জানিয়েছেন, ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের আইসোলেশনে নেওয়া হবে। নাবিল বলেছেন, ‘সবাই কোভিড-১৯ মুক্ত কি না তা দেখা হবে।’

ক্যাম্পে ঢোকার পর কেউ যেন আক্রান্ত না হন সেই ঝুঁকি থেকে খেলোয়াড়দের মুক্ত রাখার জন্যই এমন পরিকল্পনা। শুধু তাই নয়, খেলোয়াড়দের পাশাপাশি কোচিংয় স্টাফ যারা থাকবেন বিশেষ করে জেমি ডেসহ যারা থাকবেন তাদের সবাইকে আইসোলেশনে রাখা হবে।  

কাতার বিশ্বকাপ বাছাই খেলা সূচি ঘোষণা করা হয়েছে। ৮ ম্যাচের মধ্যে এখনো ৪ ম্যাচ বাকি রয়েছে। আগামী ৮ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। কোচ জেমি ডে আফগানিস্তান ম্যাচের অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ আগে ফুটবলারদের নিয়ে অনুশীলন করতে শুরু করতে চান। ম্যানেজমেন্ট কমিটি জেমির কথা বিবেচনা করে দেখেছে, তাতে আগস্টের প্রথম সপ্তাহ হতেই অনুশীলন শুরু করতে হয়। সেটা করতে চাইলেও কোথায় ক্যাম্প হবে তা নিয়েও কমিটির একটা ভাবনা রয়েছে। কাজী নাবিল জানিয়েছেন, ঢাকার বাইরেও ক্যাম্প হতে পারে। তবে হোটেল-মাঠ অন্যান্য সুবিধা থাকবে কিনা তাও বিচার করতে হবে।

জেমি বিদেশে ক্যাম্প করতে চান। আগস্টে বিদেশে ক্যাম্প করা যাবে কিনা এটা নির্ভর করছে তখনকার পরিস্থিতির ওপর। দেশের পরিস্থিতি কী হয়। যে দেশে অনুশীলন করাতে চাইবে বাংলাদেশ, সেই দেশ অনুমতি দেবে কিনা সেটাও একটা বড়ো ব্যাপার। আর প্রস্তুতি ম্যাচ খেলতে চাইলেও জেমির এ প্রস্তাব এখনই বিবেচনা করতে পারছে না বাফুফে। আগস্টের জন্য তুলে রেখেছে। তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত।