জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা এখন নাগরিক পরিচয়ের একমাত্র মাধ্যম। অফিস-আদালত, ব্যাংক-বিমা, চাকরিসহ সকল ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে এই ন্যাশনাল আইডি কার্ড। ভুল থাকা আইডির জন্য অনেকের চাকরি হচ্ছে না, অনেক চাকরিজীবী বেতন পাচ্ছেন না, কেউবা ব্যাংকের গ্যাড়াকলে পড়ে টাকা তুলতে পারছেন না, অনেক অসহায় ভুল আইডির কারণে ভিজিএফএর ত্রাণ নিতে পারছেন না। এরকম হাজারো সমস্যা ভুল আইডি ঘিরে। এই সমস্যা দিনের পর দিন এমনকি মাসের পর মাস নির্বাচন কমিশনে ধরনা দিয়েও সুরাহা করা যাচ্ছে না। দশ মাস আগে উপজেলা নির্বাচন অফিসে আইডির সমস্যা সমাধানের জন্য দিয়েও সংশোধন না হওয়ায় প্রমাণ হয় নির্বাচন কমিশন জনসেবার ক্ষেত্রে কতটা দুর্বল? অনেকেই দালালের মাধ্যমে আইডি কার্ড সংশোধনের পথ ধরেছে। আইডি কার্ডের ভুল সংশোধনের জন্য দেশের আনাচে কানাচে এক শ্রেণির দালাল তৈরি হয়েছে। যারা আইডি কার্ড সংশোধনের নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজিনুর রহমান লিমন
মিয়া পাড়া, ডিমলা, নীলফামারী