এ বছর ধান কাটার ভরা মৌসুম শুরু হবার আগেই অতিরিক্ত বৃষ্টি এবং নদীতে আগাম পানি বাড়ার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাশাদহ সেচ প্রকল্পের নিচু জমির অনেক ধান পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এ এলাকার কৃষকরা এবং সেচ প্রকল্প। ধানের ফলন ভালো হলেও ঠিকমতো কেটে ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় কৃষক। এতে তাদের উত্পাদন খরচ ওঠানোই কঠিন হয়ে পড়বে বলে অনেকের ধারণা।
জানা গেছে, শিবালয় কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতায় এ বছর প্রায় ৮০০ বিঘা জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়। এর মধ্যে নিচু এলাকার প্রায় ৬০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, কৃষকরা পানির নিচের ডুবন্ত ধান কেটে নিচ্ছেন। আবার খরচ বেশি বলে অনেকেই ধান না কেটে জমিতেই রেখে দিয়েছেন। কারো পাঁচ বিঘার মধ্যে তিন বিঘার ধান পানিতে তলিয়ে গেছে। আবার কারো চার বিঘার দুই বিঘা এবং কারো পাঁচ বিঘার দুই বিঘা ধান ডুবে গেছে। এদিকে কৃষকের ধান ডুবে যাওয়ায় সেচ খরচের টাকা নিতে পারছেন না কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লোকজন। সারা বছর সেচ দিয়ে এখন টাকা ওঠাতে না পেরে মোটা অঙ্কের টাকা ঋণ হওয়ার আশঙ্কা করছে সমিতির পরিচালনা পরিষদ।