ওয়াসার পানির মূল্যবৃদ্ধির বৈধতা নিয়ে রিটের শুনানি ও আদেশ ২২ জুন

ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী ২২ জুন রিট আবেদনের ওপর শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল বুধবার শুনানির জন্য এ দিন ধার্য করে দেন। আদালতে ওয়াসার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। রিট আবেদনে বলা হয়েছে, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি ১ হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। গত পহেলা এপ্রিল থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে। এ মূল্যবৃদ্ধি চ্যালেঞ্জ করে রিট করেন ব্যারিস্টার তানভীর। রিট আবেদনে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।