সাভারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধসহ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় বেশ কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। গতকাল বুধবার দুপুরে সাভারের বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সাভার বাসস্ট্যান্ডে সিটি ফার্মেসি, মোল্লা হোটেল, নীহারিকা হোটেল এবং সাভার থানা রোডে দিগন্ত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ‘সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূল আইন, ২০১৮’-এর বিভিন্ন ধারায় অপরাধ করায় ১৩টি মামলায় ১৩ জনকে ৫৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এ এক জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।