করোনার কারণে খাদ্যসংকট মোকাবিলায় উত্পাদন বাড়াতে হবে —কৃষিমন্ত্রী

করোনার কারণে সম্ভাব্য খাদ্যসংকট মোকাবিলায় উত্পাদন অনেক বাড়াতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ফসলের উত্পাদন বৃদ্ধির জন্য মানসম্পন্ন বীজ সরবরাহ ও কম ফলনশীল জাতের আবাদ কমিয়ে উচ্চফলনশীল জাতের চাষাবাদের ওপর গুরুত্ব দিতে হবে।

গত মঙ্গলবার কৃষিমন্ত্রী রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ কর্তৃক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ বিতরণ কার্যক্রম অনলাইনে উদ্বোধনকালে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে আমন ধান আবাদের এরিয়া বোরোর চেয়ে বেশি হলেও উত্পাদন অনেক কম। এর কারণ হচ্ছে আমনে কম উত্পাদনশীল দেশি অনেক জাতের ধানের চাষ হয়। সেজন্য উত্পাদন বাড়াতে হলে উন্নত মানের হাইব্রিড জাতের চাষাবাদ জনপ্রিয় করতে হবে ও মানসম্পন্ন পর্যাপ্ত বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিসচিব মো. নাসিরুজ্জামান, জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোলজ, বায়ার সাউথ এশিয়ার সিনিয়র প্রতিনিধি ডি নারাইন এবং বায়ারের ক্রপসায়েন্স ডিভিশনের ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কার চিফ অপারেটিং অফিসার সায়মন থর্স্টেন উইবাস।