হিলি পৌরসভায় চলছে নো মাস্ক নো এন্ট্রি কর্মসূচি

করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে ও সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে হিলি পৌরসভার উদ্যোগে চলছে ‘নো মাস্ক নো এন্ট্রির কর্মসূচি। এ সময় যেসব পথচারী, অটো ভ্যানচালক, পরিবহনচালক ও হেলপারসহ যাত্রীদের মুখে মাস্ক আছে তাদেরকেই শুধু হিলিতে ঢুকতে দেওয়া হচ্ছে। আর যাদের মুখে মাস্ক নেই তাদের সড়কের পাশে দাঁড় করিয়ে মাস্ক পরার পরামর্শ দিয়ে বাড়ির দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রথম হিলিতে পৌরসভার উদ্যোগে এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন পৌর বাসিন্দাসহ পাশের উপজেলা থেকে হিলিতে আসা অনেকেই। পৌর শহরের চুড়িপট্টির বাসিন্দা লুত্ফর রহমান জানান, এই কর্মসূচি অব্যাহত থাকলে মুখে মাস্ক ছাড়া কেউ এখানে আসতে পারবে না। মহিলা কলেজ এলাকার গৃহিণী হামিদা আকতার বলেন, এটি একটি ব্যতিক্রম প্রচারণা। এর ফলে সবাই মাস্ক পরতে অভ্যস্ত হবে। বিরামপুর পৌরসভার ঘাটপাড় এলাকার বাসিন্দা মোকাররম হোসেন বলেন, জরুরি কাজের জন্য হিলিতে আসি। তাই মাস্ক পরতে খেয়াল ছিল না। কিন্তু হিলির চারমাথা মোড়ে আসলে পৌরসভার লোকজন আমার মুখে মাস্ক না থাকায় সামনের দিকে যেতে দেইনি। পরে মাস্ক কিনে মুখে লাগিয়ে আবার চারমাথায় আসি। সাময়িক অসুবিধা হলেও এখানকার উদ্যোগ প্রশংসনীয়।  এ বিষয়ে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে এভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখা হবে। তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে এ সম্পর্কিত যে আইন আছে সেটি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা হবে।