প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবেশেষে ভোলায় পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পলিমার চেইন রি-এ্যাকশন(আরটি-পিসিআর) মেশিন স্থাপন কাজ মঙ্গলবার শেষ করেন ঢাকা থেকে আসা প্রকৌশলী দল। এদিকে পিসিআর মেশিন পরিচালনার জন্য ১৮ জনের একটি চিকিত্সক ও টেকনোলজিষ্ট দলকে প্রশিক্ষণ দিতে বুধবার ঢাকা থেকে দুই জন বিশেষজ্ঞ ভোলা এসে পৌঁছেন। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ও ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ জানান, গত ১০ জুন ল্যাবের অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯শ বর্গফুট জায়গায় ল্যাবটি স্থাপন করে প্রতিষ্ঠনটির স্বাস্থ্য উইং।