নিষেধাজ্ঞার মধ্যে সাগরে মাছ শিকার চলছে!

বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে কতিপয় জেলে সাগরে মাছ শিকার করছে বলে খবর পাওয়া গেছে। ২০ মে থেকে ২৩ জুলাই সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।

সাগর সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বাগেরহাট পিরোজপুর, পাথরঘাটা ও মহিপুরের কতিপয় জেলে ১৫/১৬টি ফিসিংবোট নিয়ে দিনের বেলা দুবলারচরের অদূরে সাগরে ইলিশ শিকার করে বেড়ায়। ঐ জেলেরা ফিসিংবোট নিয়ে রাতের আধারে দুবলার মাঝেরকেল্লার কাছে ভাংগা খালে নিরাপদ আশ্রয়ে থাকে বলে নামপ্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রটি জানায়। সাগরে ধরা ইলিশ মাছ ক্যারিংবোটে করে জেলেরা পাথরঘাটা মোকামে নিয়ে বিক্রি করে। এছাড়া রাতের বেলা দুবলারচরের মেহেরআলী থেকে গভীর সাগরে ফিসিংবোট বহর বিচরণের আলো দেখা যায়। জানতে চাইলে জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় মোবাইল ফোনে সাগরে ফিসিংবোটের মাছ শিকারের বিষয়টি অস্বীকার করেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, দুবলা অঞ্চলের সাগরে মাছ ধরার বিষয়টি তার জানা নেই। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে ডিএফও উল্লেখ করেন।