ঝিনাইদহের ডাকঘরগুলো অর্থ সংকটে সঞ্চয়পত্রের গ্রাহকদের মুনাফার টাকা দিতে পারছে না। এতে সমস্যায় পড়েছেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা। ঝিনাইদহের শৈলকুপায় সঞ্চয়পত্রের গ্রাহক জগন্নাথ সাহা অভিযোগ করেন, গত জুলাই থেকে সঞ্চয়পত্রের মুনাফা তুলতে ভোগান্তিতে পড়েছেন। প্রায়ই বলা হয় টাকা নেই, পরে আসুন। অপর গ্রাহক দ্বিজেন কুমার বলেন, মুনাফার টাকায় সংসার চলে। কিন্তু টাকা না পাওয়ায় চলতে কষ্ট হচ্ছে। ঝিনাইদহ প্রধান ডাকঘরের হেড পোষ্টমাস্টার রবিউল ইসলাম জানান, ঢাকা এজি অফিস থেকে মাসিক বরাদ্দ আসে। চলতি মাসে ১৫ কোটি টাকা বরাদ্দ এসেছিল। তা জেলার সব ডাকঘরে ভাগ করে দেওয়া হয়েছিল। গত ৮ জুন টাকা শেষ হয়ে গেছে। এই মাসে সঞ্চয়পত্রের মুনাফা বাবদ আরো ২০ কোটি টাকা প্রয়োজন। এ ব্যাপারে ঢাকায় এজি অফিসে চাহিদাপত্র দেওয়া হয়েছে। টাকা এলে গ্রাহকদের মুনাফা পরিশোধ করা হবে।