খুলনার ১৪ পয়েন্টে রেড জোন চিহ্নিত

করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রুখতে খুলনার ১৪টি পয়েন্টকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে এসব এলাকাকে লকডাউন করার সুপারিশ করেছে খুলনার সিভিল সার্জন। চিহ্নিত পয়েন্টগুলো উল্লেখ করে গত মঙ্গলবার জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। চিহ্নিত পয়েন্টগুলো হচ্ছে—খুলনা মহানগরীর ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকা।

জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের পরিকল্পনা করা হয়েছে। কোথায় লকডাউন হবে সেটি স্থানীয় প্রশাসন ঠিক করবে। তবে জেলার অধিক সংক্রমণ হয়েছে এমন ১৪টি পয়েন্ট চিহ্নিত করে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।