ঈশ্বরদীতে গৃহবধূ মিতু হত্যা রহস্য উদ্ঘাটন হয়েছে। নিহতের স্বামী জানিক হোসেন বাবু (৩০) একাই স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৩ জুন রাতে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের চাঁদপুর গ্রামে রেলওয়ে স্টেশন সংলগ্ন মৃত শহিদুল ইসলাম বাবলুর ছেলে জানিক হোসেন বাবুর স্ত্রী মিতুর অস্বাভাবিক মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, প্রথমে খুনের সন্দেহভাজন হিসেবে স্বামী জানিক হোসেন বাবু, শাশুড়ি হেনা বেগম এবং ভাসুরের স্ত্রী সুমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঈশ্বরদী সার্কেল পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, জানিক হোসেন বাবু একজন দুষ্টু প্রকৃতির ও মাদকাসক্ত ব্যক্তি। অনেক প্রচেষ্টার পর সে মিতু হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। তবে আসামি একাই স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।