জাফরুল্লাহ চৌধুরী আইসিইউতে, অবস্থা স্থিতিশীল

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইসিইউতে। তবে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। নিউমোনিয়ার অবস্থা আর অবনতি হয়নি। গতকাল বুধবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিত্সক অধ্যাপক মামুন মোস্তাফীর বরাতে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একথা জানিয়ে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন। তার গলার ব্যথারও কিছুটা উন্নতি হয়েছে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, জাফরুল্লাহ চৌধুরী নিজে নিজেই বাথরুমে যেতে পারছেন। নড়াচড়া করছেন। তার ফুসফুসে নিউমোনিয়ার যে সংক্রমণ, সেটি থেকে তিনি এখনো নিরাপদ পর্যায়ে আসেননি। বলা যায়, এখনো ক্রিটিক্যাল পর্যায়ে আছেন। উনি আইসিইউতে ভর্তি আছেন। করোনামুক্ত হওয়ার পর মঙ্গলবার জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া বেড়ে যায় এবং তাকে নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আরো কিছুদিন হাসপাতালে থেকে চিকিত্সা নিতে হবে বলে জানান তার চিকিত্সকরা।