ইন্দুরকানীতে করোনা উপসর্গ নিয়ে পল্লি চিকিত্সকের মৃত্যু

ইন্দুরকানী বাজারের পল্লিচিকিত্সক সুনীল চন্দ্র দাস (৬৬)  করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে তাকে পিরোজপুরের আম্বিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে অক্সিজেন দেওয়ার পরপরই তার মৃত্যু ঘটে। এর আগে গত বৃহস্পতিবার করোনা উপসর্গ  নিয়ে মারা যান তার ছোটো ভাই নির্মল চন্দ্র দাস (৬১)। ছয় দিনের মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হলো। এদিকে সুনীলের মরদেহ বৃষ্টির মধ্যে রাত ১টায় পিরোজপুর থেকে ইন্দুরকানীতে পৌঁছায়। তখন কাউকে না পেয়ে স্থানীয় থানার পুলিশ তার শেষকৃত্য সম্পন্ন করে।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘একটা সময় রাতবিরাতে অসুস্থ রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তুলতেন অহিভূষণ ও তার দুই ছেলে সুনীল এবং নির্মল। ইন্দুরকানীর পল্লিচিকিত্সায় তাদের পরিবারের অবদান অনেক। কিন্তু  সেই  সুনীল ডাক্তারের শেষ বিদায়ের সময় কাউকে খুঁজেও পাওয়া যায়নি। পরিবারের দুই-এক জন সদস্য ছাড়া আশপাশের অনেককে ডেকেও পাওয়া যায়নি। সারারাত বৃষ্টিতে ভিজে মরদেহ অ্যাম্বুলেন্স থেকে নামানো থেকে শেষকৃত্য পর্যন্ত সব কাজ আমরাই করি।’