বাসাইলে গৃহবধূকে কুপ্রস্তাবে ইউপি সদস্যকে গণধোলাই

টাঙ্গাইলের বাসাইলে তিন সন্তানের জননীকে কুপ্রস্তাব দেওয়ায় এক ইউপি সদস্যকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। অভিযুক্ত ইউপি সদস্য সাইফুল ইসলাম উপজেলার তিরঞ্জ গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা এবং ফুলকি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

তিন সন্তানের জননী চা-দোকানির স্ত্রী জানান, একটি মামলায় আমার পরিবারের সদস্যরা আসামি হবার সুবাদে সাইফুল মেম্বার গত তিন/চার দিন যাবত্ আমাকে মোবাইল ফোনে কল দিত। রাতে পুলিশ আসবে বলে পরিবারের পুরুষ সদস্যদের বাড়িতে অবস্থান করতে নিষেধ করত। আমাকে বিভিন্ন আপত্তিকর কথা ও কুপ্রস্তাব দিত। সম্পর্কে আমি চাচি এবং এসব কথা বলতে নিষেধ করায় সাইফুল আরো বেপরোয়া হয়ে ওঠে। বিষয়টি আমি আমার পরিবার এবং স্থানীয় মহিলা ইউপি সদস্যকে অবহিত করি। সাইফুল মঙ্গলবার রাতে আমাকে ৩০ বারের বেশি মোবাইলে ফোন দেয় এবং এতে সাড়া না দেওয়ায় গভীর রাতে সে আমার ঘরে প্রবেশ করে। এ সময় আমার স্বামী ও পরিবারের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে এলাকাবাসীকে খবর দিলে তারা তাকে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

থানার ওসি হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।