২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ বাজেটে মানুষ বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেই বরং মানুষ যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র থাকলে, সুষ্ঠু নির্বাচন হলে, জবাবদিহিতা থাকলে করোনার আক্রমণে দেশ আজ সয়লাব হতো না। বাজেটে সরকারের ‘নির্মাতা ও নির্দয়তা’ ফুটে উঠেছে।
গতকাল বুধবার প্রেসক্লাবের সামনে ‘২০২০-২১ অর্থবছরে গতানুগতিক উচ্চাবিলাষী অসামঞ্জস্যপূর্ণ বাজেট ভাবনা থেকে বেরিয়ে মানবকল্যাণে করোনা সংকটকালীন যথাযথ এবং বাস্তবসম্মত বাজেট প্রত্যাশা’ শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে ফিউচার অফ বাংলাদেশ। রিজভী বলেন, বাজেট একেবারে শুভংকরের ফাঁকি। বাজেটের মধ্যে ফুটে উঠেছে সরকারের নির্মমতা ও নির্দয়তা। বাজেট পাশ হয়নি, অথচ এর আগেই মোবাইল থেকে টাকা পাচার শুরু হয়েছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি। তিনি বলেন, করোনা মোকাবিলা করতে গিয়ে আমরা দুর্নীতির মহোত্সব ভয়াবহতা দেখলাম। সরকারের অদক্ষতা দেখলাম।