করোনা মোকাবিলায় সব দেশের পারস্পরিক সহযোগিতা জরুরি :পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা মহামারি এখন বৈশ্বিক সমস্যা। এই সমস্যা মোকাবিলায় সব দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সফররত চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিত্সকদলের সঙ্গে সিলেট ও চট্টগ্রামের চিকিত্সকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভার উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গতকাল বুধবার অনুষ্ঠিত সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ ও চীন করোনা পারস্পরিক সাহায্য অব্যাহত রেখেছে। সফররত চীনের বিশেষজ্ঞ চিকিত্সকদলের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা উপকৃত হচ্ছেন বলে তিনি জানান।

চীন সরকার এবং সে দেশের বেসরকারি সংস্থা আলিবাবা এবং জ্যাকমা ফাউন্ডেশন বাংলদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতাকে বাংলাদেশের প্রতি চীনের জনগণ ও সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেন। এ সময় ড. মোমেন করোনা পরিস্থিতিতে উহান প্রদেশসহ চীনের বিভিন্ন অংশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতার জন্য চীন সরকার ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানান।