পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে লাইলী বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে শাহিনুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ভাউলাগঞ্জ-পঞ্চগড় সড়কের আমতলা নামক স্থানে এলে মোটরসাইকেলের চাকা পাংচার হলে তারা সকলেই সড়কের উপর ছিটকে পড়েন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রতিক কুমার বণিক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় ওই গৃহবধূ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।