প্রথম শ্রেণিতে পা রেখেই নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত পাঁচ যমজ। মঙ্গলবার বই উত্সব শেষে নতুন বই নিয়েই বাবা-মায়ের হাত ধরে বাড়ি ফেরে তারা। পাঁচ যমজ গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার গফ্ফার খান ও সোমাইয়া বেগম দম্পতির সন্তান।
২০১২ সালের ২১ জুলাই পাঁচ যমজ রুবাইয়া খান হীরা, বুশরা খান মণি, রামিয়া খান মুক্তা, রাইসা খান মালা ও মাহির গফ্ফার মানিক জন্ম নেয়। যমজ চার বোন ও এক ভাই গত বছর করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকে ভর্তি হয়। এবার কৃতিত্বের সাথে প্রাক প্রাথমিক পাস করে তারা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।
মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে বই উত্সবের আয়োজন করে তাদের হাতে বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম ফারুক। এতে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায়, নওয়াব আলী ফকির প্রমুখ।
করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার রায় বলেন, পাঁচ যমজ ভাই-বোন প্রাক প্রাথমিকে পাস করে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। তারা ভালো রেজাল্ট করেছে। আশা করি আগামীতে তারা পড়াশোনায় ভালো করবে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম ফারুক বলেন, এক সঙ্গে পাঁচ যমজের হাতে বই তুলে দিয়েছি। বই পেয়ে তারা খুবই উত্ফুল্ল। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত্ কামনা করি।