করোনা ভাইরাসের কারণে বর্তমানে সব ধরনের সিনেমা হল ও প্রদর্শনী হলগুলো বন্ধ। তবে এই সময়টা অনলাইন যোগাযোগে আরও অগ্রগতি হয়েছে সবার। অনলাইনেই হচ্ছে অনেক ইভেন্ট। এবার মুক্তিযুদ্ধ জাদুঘর অনলাইনে আয়োজন করেছে ‘৮ম লিবারেশন ডকফেস্ট’ শীর্ষক প্রামাণ্যচিত্র উত্সব। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ৮ম লিবারেশন ডকফেস্ট অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে ১৬ জুন থেকে। উত্সবটি শেষ হবে আগামীকাল। দক্ষিণ এশিয়ায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনলাইন চলচ্চিত্র উত্সব। উত্সবে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ও জাতীয় বিভাগ ছাড়াও বিভিন্ন প্যাকেজে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। ‘বঙ্গবন্ধু মুক্তি দাতা’ পর্যায়ে রয়েছে বঙ্গবন্ধু ও তৃতীয় বিশ্বের নেতাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ পর্যায়ে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ও সাম্প্রতিক প্রামাণ্যচিত্র।
এছাড়া শিক্ষার্থীদের নির্মিত ‘ওয়ান মিনিট ফিল্ম’ এবং পূর্ব ভারতের নতুন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। দেশের এবং দেশের বাইরের আগ্রহী দর্শকরা বিনামূল্যে এসব প্রামাণ্যচিত্র দেখতে পারবেন। উত্সবে আজ প্রদর্শিত হবে ‘রহমান, ফাদার অব বেঙ্গল’। জাপানিজ ফিল্ম মেকার নাগিসা ওশিমা নির্মিত এই প্রামাণ্যচিত্রটি। কান বিজয়ী জাপানিজ ফিল্ম মেকার নাগিসা ওসিমা ১৯৭৩ সালে চলচ্চিত্রটি নির্মাণ করেন। ১৯৯৯ সালে বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম আয়োজিত চলচ্চিত্র উত্সবে সিনেমাটি ঢাকায় প্রদর্শিত হয়। এ বছর মুজিববর্ষ উপলক্ষে আমাদের ৮ম লিবারেশন ডকফেস্টে বিশেষ বিভাগে বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ উদ্যোগে পাশে দাঁড়ায় বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম।