একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন পুনরায় নির্বাচিত হয়ে জনগণের উদ্দেশে বলেছেন, আমার সিংহ মার্কায় আপনাদের পবিত্র ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। নজিরবিহীন এই বিজয়ের কৃতিত্ব ফরিদপুর-৪ আসনের সকল জনগণের।
এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্লাহ আমার কাছে ৫০ হাজার ভোটের ব্যবধানে হেরে এখন ষড়যন্ত্র শুরু করেছেন। তাই ধৈর্যের সাথে সময় পার করুন এবং সকল ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকুন। ভাঙ্গা, দরপুর ও চরভদ্রাসনের উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের শত শত নেতা-কর্মী তাকে প্রত্যাখ্যান করে আমার সাথে একাত্মতা প্রকাশ করেছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনেও ফরিদপুর-৪ আসনের জনগণ আমাকে প্রায় ২৬ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করে এবং তাকে পরাজিত করেন। আমি বলেছিলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর নৌকায় উঠব।
গতকাল বুধবার সকালে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমি শপথ নিয়ে জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে ফরিদপুর-৪ আসনকে মডেল আসন হিসেবে গড়ে তুলব। ইতিপূর্বে আমি বলেছিলাম, বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জনগণের ঐকান্ত চেষ্টা ও প্রশাসনের সুন্দর মন-মানসিকতার জন্যই সমগ্র আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।