হেইন্সের দ্বারস্থ ব্রাথওয়েট

গত দুই বছর ব্যাট হাতে খুব বাজে সময় কাটাচ্ছেন ক্রেইগ ব্রাথওয়েট। এই সময়ে একটা ফিফটিও পাননি। নয় বছরের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বাজে সময়। আর এই খরা কাটাতে সাবেক ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ডেসমন্ড হেইন্সের দ্বারস্থ হয়েছিলেন ব্রাথওয়েট। বলছেন, তার কাছ থেকে ফর্ম ফিরে পাওয়ার টিপসটা পেয়েছেন।  হেইসের সঙ্গে ব্রাথওয়েটের সম্পর্ক আজকের নয়। সেটাই বলছিলেন এই তরুণ ওপেনার, ‘বারবাডোজে ডেসমন্ড হেইন্সের সঙ্গে কথা বলেছি আমি। আমাদের দুজনের সম্পর্ক সব সময়ই ভালো। আমি যখন বারবাডোজ দলে আসি, তিনিই তখন ছিলেন ম্যানেজার। তখন থেকেই তার সঙ্গে কথা হয়। তিনিও ছিলেন ওপেনার, তার পরামর্শ তাই কাজে দেয়।’

তারা ঠিক কী নিয়ে আলোচনা করেছেন, সেটাও খুলে বলেছেন ব্রাথওয়েট, ‘আলোচনার অনেকটা জুড়ে ছিল, সবকিছু সাধারণ রাখা, খুব জটিল করে না ভাবা। সাধারণ কিছু পরামর্শ, তার সময়ে তিনি যেভাবে এগিয়েছেন। হয়তো দিনের তিন ঘণ্টা খেলা বাকি আছে বা এক ঘণ্টা, ওপেনারদের জন্য তখন কাজটা কঠিন। তিনি নিজে মানসিকভাবে ছিলেন খুব শক্ত, মানসিক দিকগুলো নিয়েই কথা হয়েছে এবং তিনি সহায়তা করেছেন।’

ইংল্যান্ডে বেশ সুখস্মৃতি আছে ব্র্যাথওয়েটের। ২০১৭ সালে হেডিংলি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্মরণীয় এক জয়ে দুই ইনিংসে খেলেছিলেন ১৩৪ ও ৯৫ রানের ইনিংস। তবে অতীত কোনো কাজে আসবে না, জানেন ২৭ বছর বয়সি ওপেনার, ‘সেই টেস্ট প্রায় তিন বছর আগের। সেদিকে তাকিয়ে আমি দেখতে পারি ভালো যা কিছু করেছিলাম, তবে সেটি এখন অতীত। এখন আমাকে নতুন করে আবার দেখাতে হবে এবং আমি প্রস্তুত, মুখিয়ে আছি মাঠে নামতে। চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত—এটিও জানি, দলের সবাই এখানে ভালো করতে পারে। আমাকে ইনিংস শুরু করতে হবে। নিজের দায়িত্ব আমি পালন করব। আমাদের ব্যাটিং লাইন আপ বেশ ভালো। সবাই মাঠে নামার অপেক্ষায় আছে, কোনো বাড়তি চাপ নেই।’

আগামী ৮ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের সিরিজ।