রেলসেবা অ্যাপে আসন বাছাই করে কাটা যাচ্ছে ট্রেনের টিকিট

রেলের অ্যাপের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে পছন্দমতো সিট বাছাই করার সুযোগ আবার ফিরে এসেছে। করোনা পরিস্থিতির কারণে এতদিন রেলসেবা অ্যাপে ‘সিট সিলেকশন’ অপশনটি বন্ধ রাখা হয়েছিল। যাত্রীদের সুবিধার্থে অপশনটি আবার চালু করা হয়েছে। তবে অপশন সিলেক্ট করে ৫ মিনিটের মধ্যে যাত্রীকে পেমেন্ট সম্পন্ন করে টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে এখন বিভিন্ন রুটে ১৯ জোড়া ট্রেন চলছে, তাই আসন বাছাই সুবিধা ফের চালু করা হয়েছে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও ভূমি অনুবিভাগ) মাহবুব কবীর। তিনি  বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনের কেবিনে ফ্যামিলি নিয়ে ভ্রমণ করতে চাইলে কীভাবে টিকিট কাটবেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। কারণ দূরত্ব বজায় রেখে সিট ডিফল্ট করে দেওয়া হয়েছিল। তুলে নেওয়া হয়েছিল সিট সিলেকশন অপশন। যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা চিন্তা করে সামাজিক দূরত্ব বজায় রেখে সিট সিলেকশন অপশন আবার চালু করা হয়েছে। তিনি আরো জানান, এখন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পছন্দমতো সিট বেছে নেওয়া যাবে। অ্যাপসে সিট সিলেকশন অপশনে লাল চিহ্ন হলো সিট ব্লকড। সবুজ চিহ্ন ফ্রি অপশন। তাছাড়া আগের মতোই ৫০ ভাগ টিকিট বিক্রি হবে।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর অন্য গণপরিবহনের পাশাপাশি রেল চলাচলও বন্ধ ছিল। সরকারি নির্দেশনা অনুসারে গত ৩১ মে থেকে রেল চলাচল করছে। তবে এখনো স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। টিকিট কাটতে হচ্ছে অনলাইন বা  রেলসেবা অ্যাপে।

জানা গেছে, লঞ্চ ও বাসে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা না হলেও এক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে যাত্রীদের প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। ট্রেনের বগিও জীবাণুমুক্ত করা হচ্ছে প্রতিনিয়ত। যাত্রীদের এক গেট দিয়ে প্রবেশের পর অপর গেট দিয়ে নির্গমনের ব্যবস্থা করা হয়েছে। বগিতেও স্যানিটাইজার রাখা আছে। ট্রেনে দায়িত্বরত কর্মীরাও মাস্ক, গ্লাভস পরে কাজ করছেন। এসব ব্যবস্থার কারণে অনেকটা স্বস্তি নিয়ে রেল ভ্রমণ করছেন যাত্রীরা।