বই উত্সবে মাতোয়ারা দিনাজপুরের সাড়ে আট লাখ শিক্ষার্থী

নতুন বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়ে খুশি দিনাজপুর জেলার সাড়ে তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে আট লক্ষাধিক শিক্ষার্থী। বছরের প্রথম দিনে জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের এসব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ৬১ লাখ ৯৪ হাজার ১৪০টি নতুন পাঠ্যপুস্তক।

দিনাজপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ১৮৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৫৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক স্তরের সাড়ে চার লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন পাঠ্যপুস্তক। এছাড়াও জেলার ১ হাজার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৫৯টি মাদ্রাসায় মাধ্যমিক স্তরের প্রায় ৪ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন পাঠ্যপুস্তক। নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা।দিনাজপুর জেলা স্কুল প্রাঙ্গণে বই বিতরণ উত্সব পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভীন।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, এবারে জেলায় স্কুল ও মাদ্রাসায় প্রায় সাড়ে আট লাখ শিক্ষার্থীর হাতে ৬১ লাখ ৯৪ হাজার ১৪০টি নতুন বই প্রদান করা হবে। চাহিদা অনুযায়ী নতুন বই মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে এবং জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভা মাধ্যমিক, প্রাথমিক, দাখিল, এবতেদায়ী এবং ভোকেশনাল এসএসসি ও দাখিল শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৮১ হাজার বই বিনামূল্যে তুলে দেওয়া হয়।

ইসলামপুরে বই উত্সব

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জানান, ইসলামপুরের চরপুটিমারী ইউনিয়নের পেঁচারচর আফরোজ আলী মডেল স্কুলে বই উত্সব ও বার্ষিক পরীক্ষা ২০১৮ এর ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে চরপুটিমারী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ডাঃ আবেদ আলীর সভাপতিত্বে ও ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারার জুবায়দুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. আফরোজ আলী অপু।

প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ে প্রাথমিক চিকিত্সা ফ্রি, মনোরম পরিবেশসহ বিভিন্ন বিষয় উল্লে­খ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আনন্দোমোহন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ ইরান, শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, স্থানীয় মজনু মোল্ল­া, সহ-শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। পরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।