হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরলানডো হার্নান্দেজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানী তেগুসিগালপার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির সরকারের তরফ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
৫১ বছর বয়সি প্রেসিডেন্ট হার্নান্দেজ অস্বস্তি অনুভব করায় তার করোনা টেস্ট করানো হয়েছিল। এতে ফলাফল পজিটিভ পাওয়া যায়। সরকারের মুখপাত্র ফ্রান্সিস কন্টারাস রাজধানীর সামরিক হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘হার্নান্দেজের ফুসফুসে সামান্য সংক্রমণ হয়েছে, তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।’ তিনি বলেন, প্রেসিডেন্টের করোনা উপসর্গ সামান্য এবং তিনি হাসপাতাল থেকে টেলিফোনের মাধ্যমে কাজ করবেন। প্রেসিডেন্টের স্ত্রী আনা গার্সিয়াও করোনা পজিটিভ, তবে তার মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের তথ্য বলছে, হন্ডুরাসে গতকাল পর্যন্ত নয় হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা গেছে। এদের মধ্যে মারা গেছে ৩২২ জন। দেশটিতে গত বছর ব্যাপক ডেঙ্গু সংক্রমণ দেখা গিয়েছিল। এতে ১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয় এবং মারা যায় ১৮০ জন।