সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গঙ্গাচড়ার পল্লীবিদ্যুত্ সড়ক

সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় গঙ্গাচড়া জিরো পয়েন্ট থেকে পল্লীবিদ্যুত্ পর্যন্ত আধা কিলোমিটার সড়কটি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় কয়েকদিনের স্থায়ী জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়তে হয় এ পথে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের। অন্যদিকে সড়কটি নিয়ে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মধ্যে দৃশ্যত বিরোধ চলায় সড়কটির সংস্কার নিয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রতা। ভুক্তভোগীদের দাবি এ সমস্যা আশু সমাধান করে সড়কটি দ্রুত সংস্কার করা হোক।

ভুক্তভোগীরা জানান, সামান্য বৃষ্টি হলেই কাদাপানি একাকার হয়ে পড়ে সড়কটি। জলাবদ্ধতায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে পায়ে হেঁটে, রিকশা কিংবা মোটরসাইকেলে চলতে বেকায়দায় পড়তে হয়ে। গঙ্গাচড়ার জিরো পয়েন্টে ব্যবসায়ী সবুজ বলেন, বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে চলাচল করা মুশকিল। জরুরিভিত্তিতে রাস্তাটি মেরামত করা দরকার।

রংপুর জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী সোহেল রানা বলেন, সড়ক মেরামত কাজের জন্য জেলা পরিষদে কোনো ফান্ড দেওয়া হয় না। তাহলে এ সড়কের কাজ কোন্ দপ্তর করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এলজিইডি করবে। তা না হলে এলাকার যে কোনো জনপ্রতিনিধি জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। তারপর বিষয়টি দেখা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী এ জেড এম আহসানউল্লাহ বলেন, রাস্তাটি কয়েক বছর আগে জেলা পরিষদ থেকে মেরামত করা হয়েছে। আর যেহেতু সড়কটির দৈর্ঘ্য দুই কিলোমিটারের কম সেহেতু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আমরা করতে পারি না।