রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে মেসের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাধারণ ছাত্রছাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক রাজু আহমেদ আপনের সভাপতিত্বে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান শান্ত, মোস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলামসহ আরো অনেকে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মেসভাড়া মওকুফের যৌক্তিক দাবি মেস মালিকরা মানতে বাধ্য। বিনয়ের সঙ্গে মেসভাড়া মওকুফের দাবি জানানো হচ্ছে। অনেক মেসে মালিকরা ভাড়ার জন্য শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, হুমকি-ধামকিও দিচ্ছে।’ তারা বলেন, ২ লাখ শিক্ষার্থীর বই ও সার্টিফিকেটসহ জিনিসপত্র ও অন্যান্য কাগজপত্র মেসে রয়েছে। কিন্তু মেস মালিকরা সব জিনিসপত্র ফেলে দেবে বলে হুমকি দিচ্ছে।