বায় ডাকঘরের সিঁড়ি থেকে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

কসবা উপজেলার কুটি বাজারের ডাকঘরের পেছনের ভবনে লাগানো লোহার সিঁড়ি থেকে সোনিয়া (১৩) ও সুমাইয়া (১৪) নামের দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সিঁড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দুই কিশোরী একে অপরের বান্ধবী। সোনিয়া আক্তার বিল্লাল মিয়ার মেয়ে এবং সুমাইয়া বাবুল মিয়ার মেয়ে। তারা কসবার কুটি বাজার সংলগ্ন একটি বয়লার মিল সংলগ্ন ভাড়া বাড়িতে বসবাস করত। সোনিয়ার বাবা বিল্লাল হোসেন বলেন, সোনিয়া ও সুমাইয়া এক সঙ্গেই চলাফেরা করত। দুপুরের খাবারও বাসায় খেয়েছে। এরপর থেকেই দুই জন নিখোঁজ। তিনি বলেন, বাসার কারো সঙ্গে রাগ-অভিমানও করেনি এমনকি ঝগড়াবিবাদও হয়নি। জানা মতে আমাদের কোনো শত্রুও নেই। বুঝে উঠতে পারছি না, তাদেরকে খুন করা হয়েছে নাকি নিজেরাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কসবা থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন বলেন, কুটি পোস্ট অফিসের পেছনে একটি লোহার সিঁড়িতে দুই কিশোরীর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।