দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের জায়গা দখলে নিয়ে অবৈধভাবে পাকা ইমারত নির্মাণের প্রতিবাদসহ কলেজের জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজটির প্রধান ফটকের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেছেন শিক্ষার্থীরা। ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজমুল হক জানান, প্রথম ১৯৬৫ সালের ২৯ মে জমির মালিক জমির আলী মোল্লার কাছে দক্ষিণ বাসুদেবপুর মৌজার ৯৭ শতাংশ জমি তত্কালীন ১ হাজার ৫০০ টাকায় কিনে কলেজ কর্তৃপক্ষ। আবুল হোসেন নিজের জমির সঙ্গে জোরপূর্বক কলেজের জমি দখল করে রাতে ইমারত নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। কলেজের ঐ জমির ওপর বহুতল ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আবুল হোসেন বলেন, কলেজের জায়গায় নয়, নিজের ক্রয়কৃত জমিতেই ইমারত নির্মাণ করছেন। সীমানা উল্লেখ করেই ২৫ বছর আগে ঐ জমিটি ক্রয় করা হয়েছে। সরকারের এত জায়গা থাকতে এতটুকু জায়গা নিয়ে এত হৈ-চৈ কেন? এটা বোধগম্য নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, একাধিকবার জায়গাটি সরেজমিন পরিদর্শনসহ প্রশাসনের নির্দেশ না পাওয়া পর্যন্ত সকল প্রকার নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু এখন শুনছি আবারও কাজ করছেন আবুল হোসেন নামের ব্যক্তি। উভয়পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হবে।