জলাতঙ্ক রোগ ঠেকাতে নীলফামারীর সৈয়দপুরে ৪ হাজার কুকুরকে টিকাদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির আওতায় ৬৩৩টি কুকুরকে টিকাদান করা হয়। সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার জানান, কুকুরের কামড় থেকে প্রাণঘাতী জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ে। ফলে কুকুরের দেহে এ রোগ দূরীকরণের জন্য টিকাদান কর্মসূচি নিয়েছে সরকার। কুকুরকে ভ্যাকসিনেশনের (টিকা) জন্য গঠন করা হয়েছে ২০টি টিম। টিমগুলো পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করছে। প্রথম দিনেই ৬৩৩টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে ৪ হাজার কুকুরকে টিকা দেওয়া হবে।