সংবাদ সংক্ষেপ

কোটালীপাড়ায় ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে প্রভাতী সেবা সংস্থার বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে কোটালীপাড়ায় ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কবি সুকান্ত অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠান ও অবহিতকরণ সভা হয়। পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ প্রকল্পটির উদ্বোধন করেন।

ভিক্ষুকের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা করোনা দুর্যোগ পরিস্থিতিতে ফুলবাড়ীতে ভিক্ষুকের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজকর্মী হোসেন আলীর নিজস্ব অর্থায়নে ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হানিফ সরকারের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে ৩০ জন ভিক্ষুকের মধ্যে নগদ ২০০ টাকা ও মাস্ক, সাবান এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন সাপোর্ট দেওয়া হবে

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সাপোর্ট দেবে স্থানীয় মাহমুদা ক্লিনিক। কল করলেই রোগীর বাড়িতে পৌঁছে যাবে জীবনরক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার। বৃহস্পতিবার ভেড়ামারা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাহমুদা ক্লিনিকের পরিচালক শাহেদ আহমেদ গামা।

নিম্ন আয়ের মানুষের মধ্যে সবজি বীজ বিতরণ

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে বিনা মূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে নিম্ন আয়ের মানুষদের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বোরো সংগ্রহে সফটওয়্যারের মাধ্যমে লটারি

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের লক্ষ্যে চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য সফটওয়্যারের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা খাদ্যশস্য সংরক্ষণ ও মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলার সম্মেলন কক্ষে ৯টি ইউপি ও পৌরসভার সর্বমোট ৯ হাজার ৪১৬ জন চাষির মধ্যে ৪০৫ জন ধান চাষি বাছাইয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে লটারি সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

দক্ষতা ও উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা কালাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন উপজেলার বিভিন্ন সমবায় সমতির প্রতিনিধিদের নিয়ে ‘এক দিনের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবির হলরুমে বৃহস্পতিবার দিনব্যাপী শারীরিক দূরত্ব বজায় রেখে করোনা ভয়াবহ পরিস্থিতির সংক্রমণ থেকে রক্ষা ও সচেতনতামূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ৩০ জন উপকারভোগী প্রশিক্ষণার্থীকে ৩০০ টাকা করে মোট ৯ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন জেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক বকুল চন্দ্র রায়।

পুলিশিসেবা পৌঁছানোর লক্ষ্যে আলোচনা সভা

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সম্পৃক্ত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খালিয়াজুরীতে শুরু হচ্ছে বিট পুলিশিং নামের কার্যক্রম। এ কার্যক্রম অবহিতকরণের জন্য বৃহস্পতিবার খালিয়াজুরী থানা পুলিশের পক্ষ থেকে স্থানীয় উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার।

প্রান্তিক কৃষকদের মধ্যে সবজি বীজ বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে কৃষক-কৃষানিদের মধ্যে বিভিন্ন ধরনের সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, প্রণোদনার নগদ অর্থ ও উপকরণ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন।