কল্যাণপুর এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহূত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় র্যাব-৪-এর উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল হাসান এবং তার নেতৃত্বে দারুস সালাম থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩০০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহূত প্রাইভেট কারসহ মাদক কারবারি ফারুক হোসাইন ও মুজাহিদুল ইসলাম ওরফে রিপনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবত্ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ কৌশলে কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের কাছে বিক্রি করে থাকে।