তিন ফল বিক্রেতা ও এক ফার্মেসিকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম।

অভিযানে শান্তিনগর কাঁচাবাজারের করিম ফ্রুটকে ৩ হাজার টাকা, শরিফ ফ্রুটকে ২ হাজার টাকা, শাজাহান ফ্রুটকে ২ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে বাড্ডা এলাকার তুষার ফার্মাকে ৩ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। অভিযান প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক যৌক্তিক মূল্যে ওষুধ, স্যানিটাইজার ও অন্যান্য মেডিক্যাল সরঞ্জামাদি বিক্রয় করতে এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানান। তিনি করোনা পরিস্থিতিতে ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান।