বাজেট সম্পর্কে বিএনপির মন্তব্য উদ্ভ্রান্তের প্রলাপ :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে এবং একইসঙ্গে নিজেদের রাজনৈতিক ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত হয়ে পড়ায় সেই ঈর্ষা ও শঙ্কা থেকে রিজভী আহমেদসহ বিএনপি নেতৃবৃন্দ যে বক্তব্য রাখছেন তা উদভ্রান্তের প্রলাপের মতো।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নির্বাহী পরিষদের সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এসময় ২০২০-২১ অর্থবছরের প স্তাবিত বাজেটকে বিএনপি ‘শুভংকরের ফাঁকি’ বলে আখ্যা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, নির্বাহী কমিটি সদস্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী এ সময় সাংবাদিকদের করোনা ভাইরাসের সম্মুখযোদ্ধা হিসেবে বর্ণনা করে বলেন, ‘এরই মধ্যে দেশে প্রায় ৩০০ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়জন সাংবাদিক বন্ধু করোনা ভাইরাসে ও আরো কয়জন এ রোগের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এসমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন । কিন্তু এই পরিস্থিতিতেও দুঃখজনকভাবে অনেক মিডিয়া হাউজ সঠিক সময়ে বেতন-ভাতা দেননি। অনেক হাউজে অনেক সাংবাদিক চাকরিচ্যুতির শিকার হয়েছেন।’ এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী দুস্থ, অসহায় সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছিলেন। সেই লক্ষ্যে আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আগের সভায় অসহায় সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম।

প্রথম পর্যায়ে দলমত নির্বিশেষে দেড় হাজার সাংবাদিকের তালিকা আমরা চূড়ান্ত করব। পরবর্তী পর্যায়ে আরো সাংবাদিক এ সহায়তা পাবেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে তারা চেক গ্রহণ করবেন।’