সেপটিক ট্যাংক

অনাকাঙ্ক্ষিত মৃত্যুর অন্যতম একটি উত্স হলো সেপটিক ট্যাংক। এই ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রায়ই প্রাণ হারানোর খবর পাওয়া যায়। এমনকি ভিতরের উদ্ভূত গ্যাসের বিস্ফোরণের খবরও মেলে। সেপটিক ট্যাংকের বর্জ্য বদ্ধ অবস্থায় দীর্ঘদিন থাকলে তার ভেতর নানা ধরনের বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়। যার মধ্যে সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, এমনকি কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। যার ফলে সেখানে অক্সিজেনের স্বল্পতা থাকে। পরিষ্কার করার জন্য যখনই কেউ সেই ট্যাংকে প্রবেশ করে, তখন ভিতরের বিষাক্ত গ্যাস এবং অক্সিজেনের স্বল্পতাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আর অসাবধানতাবশত কাজ করতে গিয়ে বা সচেতনতার অভাবে মারা যাচ্ছে সাধারণ মানুষ। একমাত্র সচেতনতাই পারে এই ধরনের মৃত্যু রোধ করতে। বছরে নিয়মিত একবার পরিষ্কার এবং ট্যাংকে নামার আগে অক্সিজেনের অস্তিত্ব পরীক্ষা করা একান্ত প্রয়োজন। এ অবস্থায়, প্রশাসনের কাছে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুস্পষ্ট নির্দেশনার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

মো. আফসারুল আলম মামুন

পদার্থবিজ্ঞান ডিসিপ্লি­ন,

খুলনা বিশ্ববিদ্যালয়