মাস্ক-পিপিই ক্রয়ে দুর্নীতি অনুসন্ধানে দুদক কমিটি

করোনা ভাইরাস মহামারিতে স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জীবনের নিরাপত্তায় ব্যবহূত এন-৯৫ মাস্ক ও পিপিইসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী ক্রয়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি-প্রতারণা অনুসন্ধানের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য একথা জানিয়েছেন।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘মাস্ক বা পিপিই নিয়ে দুর্নীতি দেশ ও জাতির জন্য ভয়ানক বিপদ ডেকে আনে। তাই এসব অভিযোগের প্রকৃত সত্য উদঘাটন করে কমিশন আইনি দায়িত্ব পালন করবে। এসব দুর্নীতিতে যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের সবাইকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

কমিটির ব্যাপারে দুদক পরিচালক (জনসংযোগ) বলেন, বিষয়টি অনুসন্ধানের জন্য দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে এই টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মো. নূরুল হুদা, সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান নন্দন ও আতাউর রহমান। তিনি আরো বলেন, গঠিত কমিটি এরই মধ্যে অনুসন্ধানের কাজ শুরু করেছে। এই টিম স্বাস্থ্য খাতের এ জাতীয় অনিয়ম-দুর্নীতি উদঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে।