১৪ জুলাই এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জাপার কর্মসূচি

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ জুলাই। এ উপলক্ষ্যে দলের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি ঠিক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা সংক্রমণজনিত বৈশ্বিক পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে আহ্বায়ক ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করে দিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। রাঙ্গা ও শামীম এই কমিটিতে প্রয়োজনীয়সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করবেন।

১৪ জুলাইয়ের কর্মসূচির মধ্যে থাকবে—সারাদেশে জাপার কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কোরআন থেকে তেলাওয়াত, বিকালে প্রত্যেক দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা, জাপা চেয়ারম্যানের নেতৃত্বে সকাল ১০টায় রংপুরে এরশাদের কবর জিয়ারত, বিকালে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল। এছাড়া এরশাদের দীর্ঘদিনের বনানী কার্যালয়ে দিনব্যাপী কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।