রংপুরে মেসের মালিকরা ৪০ শতাংশ ভাড়া কম নিবেন

রংপুরে করোনাকালীন লকডাউনে জেলার সকল মেসের (ছাত্রাবাস) ৪০ শতাংশ ভাড়া মওকুফ বা কম নেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছেন মেসের মালিকরা। এই সিদ্ধান্ত গত এপ্রিল মাস থেকে করোনা দুর্যোগ থাকা অবস্থা পর্যন্ত কার্যকর হবে। আজ বৃহস্পতিবার বিকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মেসের মালিক সমিতি ও বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলা প্রশাসক আসিব আহসান সভাপতিত্ব করেন।

সভায় চলমান লকডাউনে মেসের ভাড়া মওকুফ বিষয়ে মেসের মালিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সার্বিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করেন। পরে সর্বসম্মতিক্রমে গত এপ্রিল মাস থেকে জেলার সকল মেসের (ছাত্রাবাস/ছাত্রীনিবাস) ৪০ শতাংশ ভাড়া না নেওয়ার বা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাড়াও অন্যান্য বিদ্যুত্ বিল, ভুয়া বিল, ইন্টারনেট বিলসহ অন্য বিষয়াদিতে আগের মতোই প্রতিটি মেসের নিয়মানুযায়ী মেসের সদস্যরা বহন করবে। এই সিদ্ধান্ত এপ্রিল মাস থেকে যতদিন পর্যন্ত করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসবে, ততদিন পর্যন্ত চলবে। মেসের মালিকদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, লকডাউনে পুরো দেশ স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা জেলা প্রশাসন বৈঠকের আয়োজন করে সুষ্ঠু সমাধানে এসেছি। 

বৈঠকে উপস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি তুষার কিবরিয়াকে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে আমরা অর্ধেক ভাড়া মওকুফের দাবি জানিয়ে ছিলাম। পরে সর্বসম্মতিক্রমে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।