যশোরের সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরান হোসেনকে পুলিশ কর্তৃক নির্মম প্রহারে দুটি কিডনি নষ্ট হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের নের্তৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চে ২১ জুন এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে এ রিট দায়ের করেন। আবেদনে বলা হয়, গত ৮ জুন যশোরের সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরান হোসেনকে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার কর্তৃক নির্মম প্রহারের কারণে তার দুটি কিডনিই অকেজো হয়ে যায়। পরদিন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।