বুধবার নন্দীগ্রামে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নজরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নজরুল ইসলাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।
নন্দীগ্রাম থানার এসআই জিন্নুর রহমান জানান, ওইদিন সরিষাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফুন নেছার কাছ থেকে স্কুলের ল্যাপটপ চান স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম। তখন প্রধান শিক্ষক তাকে ল্যাপটপ না দিলে সে প্রধান শিক্ষককে অফিস কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং সেখান থেকে প্রধান শিক্ষককে উদ্ধার ও নজরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ওই দণ্ড দেওয়া হয়।