রাজধানীর খিলগাঁওয়ের ঝিলপার কবরস্থানের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
এব্যাপারে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলুর রহমান জানান, সকালে স্থানীয়রা থানায় খবর দেয় যে, ঝিলপার কবরস্থানের পাশে একটি বাক্স পড়ে রয়েছে। তার মধ্যে শিশুর লাশ রয়েছে। এরপর তিনি দ্রুত ঝিলপার কবরস্থানের পাশে গিয়ে একটি কাগজের কার্টুনের মধ্যে নবজাতকের লাশটি দেখতে পান এবং উদ্ধার করেন। তিনি আরো জানান, নবজাতকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মৃত নবজাতক জন্ম নেওয়ায় কেউ বা কারা নবজাতকের লাশটি কার্টুনে ভরে ফেলে রেখে গেছে।