চৌমুহনী শহরের হাজীপুর এলাকায় মঙ্গলবার রাত ৯টার পর সন্ত্রাসী সুমন গ্রুপ ও সম্রাট গ্রুপের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ফলে এলাকাবাসী জিম্মি হয়ে পড়ে। সন্ত্রাসীরা ভাড়ায়চালিত দুটি প্রাইভেট কারে আগুন দেয়। বাকি তিনটি কার ভাঙচুর করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চৌমুহনী শহরের হাজীপুর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী সুমন দলবল নিয়ে অপর দুর্ধর্ষ সন্ত্রাসী সম্রাটের বাড়ির সামনে দিয়ে মহড়া দিতে দিতে অন্যত্র চলে যায়। রাত ৯টার পর সুমন বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে দলবল নিয়ে পুনরায় সম্রাটের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ব্যাপক গুলি বিনিময়ের সময় এলাকাবাসী প্রাণভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। দীর্ঘ সময় ধরে গুলি বিনিময়ের ফলে এলাকাবাসী জিম্মি হয়ে পড়ে। সন্ত্রাসীরা রাস্তায় থাকা ৫টি কারের মধ্যে দুইটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। বাকি ৩টি কার ভাঙচুর করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা কেটে পড়ে। কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা জানা যায়নি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।