সাভারে সড়কে অবৈধ টোল আদায় বন্ধে মেয়রের নির্দেশ

সাভার পৌর এলাকার বিভিন্ন সড়কে পৌরসভার নামে অবৈধ চাঁদা ও টোল আদায় বন্ধে পদক্ষেপ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌর এলাকার বিভিন্ন সড়কে কতিপয় অসাধু ব্যক্তি পৌরসভার নাম ভাঙিয়ে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রেক্ষিতে পৌর মেয়র হাজি মো. আবদুল গণি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টোলের নামে পৌর কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অবৈধভাবে পৌরসভার নাম ব্যবহার করে বিভিন্ন সড়কে চলমান যানবাহন যেমন-টেম্পো, অটো, ইজিবাইক, অটোরিকশা থেকে চাঁদা আদায়ের বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে এসেছে। পৌরসভা থেকে যাত্রী পরিবহনের কাজে ব্যবহূত কোনো যানবাহন থেকে চাঁদা বা টোল আদায়ের শর্তে ইজারা কিংবা অনুমতি দেওয়া হয়নি। তাই যাত্রীবাহী যে কোনো যানবাহন থেকে পৌরসভার নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কেউ যদি অবৈধভাবে টোল আদায় করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পৌর কর্তৃপক্ষ জানায়, শুধু সাভার বাজার সংলগ্ন ট্রাক ও ঠেলাগাড়ি স্ট্যান্ড এবং পৌর এলাকাধীন ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিভিন্ন বাজার ও মার্কেটের যানবাহনসমূহের পরিবহনকৃত পণ্য উঠানো ও নামানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত রেটে ইজারাদারদের নামে মুদ্রিত রসিদের মাধ্যমে টোল আদায়ের অনুমতি দিয়ে ইজারা দেওয়া হয়েছে। উল্লিখিত স্থান ছাড়া অন্য কোনো মহল্লা বা শাখা সড়কে চালাচলরত আবাসন, নির্মাণ ও শিল্প কারখানার পণ্য পরিবহনের কাজে ব্যবহূত যানবাহন থেকে চোল আদায় করা যাবে না। কিন্তু বিভিন্ন স্থানে পৌরসভার নাম ভাঙিয়ে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।