এস আলম গ্রুপের মালিকানাধীন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) বেতন কমানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। কর্মকর্তাদের মোট (গ্রোস) বেতনের ওপর ১০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেতন কমাচ্ছে এ ব্যাংক।
জানা গেছে, সর্বসাকুল্যে যাদের বেতন ৪০ হাজার টাকার ওপরে কেবল তাদের বেতন কমছে। কয়েকটি ভাগে ভাগ করে বেতন কমাচ্ছে এ ব্যাংক। প্রথম ভাগে ৪০ হাজার টাকার ওপরে কিন্তু এক লাখ টাকার নিচে তাদের বেতন ১০ শতাংশ পর্যন্ত কমবে। ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত কমবে ১৫ শতাংশ। যারা ২ লাখ বেতন পান তাদের কমবে ২০ শতাংশ। ব্যাংকের ডিএমডিদের কমবে ২৫ শতাংশ এবং এমডির (ব্যবস্থাপনা পরিচালক) বেতন কমবে ৪০ শতাংশ। বেতন কমানোর ফলে এমডি প্রতি মাসে বেতন পাবেন ৮ লাখ টাকা।
জুলাই মাস থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে বলে জানা গেছে। এ সময় ইনসেনটিভ বোনাস ও ইনক্রিমেন্টও দেওয়া হবে না। এর আগে দ্য সিটি ব্যাংক, এবি ব্যাংক ও এক্সিম ব্যাংকের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওইসব ব্যাংকের পরিচালনা পর্ষদ।